বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ৪০ পিস ইয়াবাসহ সুজন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী কিশোরকে আটক করেছে পুলিশ।
৯ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।


আটক সুজন উপজেলার দাসপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল মৃধার ছেলে। তিনি বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে বাউফল থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান ও রবিন খাবারের জন্য হাসপাতাল এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজন একটি প্যাকেট পাশের কবরস্থানের দেয়ালের দিকে ছুড়ে ফেলে। এতে সন্দেহ হলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালায়।
পরে কাগজে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। স্থানীয় এক চা দোকানি জানান, সুজনের সঙ্গে আরও দুইজন ছিল, যারা আগেই সেখান থেকে চলে যায়। পরে সুজন একা বসে চা ও সিগারেট খাচ্ছিল।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক জানান, আটক কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available