আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেন যাওয়ার পথে জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ১১৬ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনা থেকে অন্তত ৮০ জন ইথিওপীয় নাগরিক বেঁচে ফিরেছেন। নিহতদের মধ্যে ১৫টি শিশুও রয়েছে।
১১ অক্টোবর রোববার জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, শনিবার রাতে জিবুতির ওবক এলাকার কাছে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় ৩৫০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেকজান্দ্রে কোইসাক এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে বলেন, অভিবাসীদের এই পথে যাত্রার সময় যেসব বিপদের মুখোমুখি হতে হয়, নৌকাডুবির ঘটনা তার কঠোর বাস্তবতা তুলে ধরেছে। মূলত অর্থনৈতিক সুযোগের সন্ধানে অভিবাসীরা বাব আল-মান্দেব প্রণালি পেরিয়ে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন।
আইওএম জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও দারিদ্র্য, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই যাত্রা করছেন। নিখোঁজ ব্যক্তিদের নিয়ে উদ্বেগের মধ্যে জিবুতির কর্তৃপক্ষের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আইওএমের তথ্য অনুযায়ী, গত এক মাসে জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে ২০ হাজারের বেশি সমুদ্রযাত্রার ঘটনা শনাক্ত করা হয়েছে। ২০২৫ সালে এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে ৯০০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।
এই পথে যাত্রা করা অভিবাসীদের অধিকাংশই ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। সর্বশেষ নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ৮০ জনই ইথিওপীয় নাগরিক।
এদিকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জীবন রক্ষাকারী সহায়তা জোরদারে দাতা ও অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছে আইওএম। সংস্থাটির তথ্যমতে, এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫টি শিশুর মরদেহ রয়েছে।
সূত্র: গার্ডিয়ান, আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available