আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির সীমাপুরী এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ৮ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের মতে, এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন।
৭ অক্টোবর বুধবার এ ঘটনা ঘটে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যম এনডিটিভিকে এ তথ্য জানিয়েছেন।
এর মাত্র এক মাস আগেই সত্য নিকেতনের একটি হোস্টেল ভবন ধসে পড়ে ৭ জনের মৃত্যু হয়। এছাড়াও এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিলেন।
বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) ভবন ধসের খবর পায়। এরপরই দ্রুত দুর্ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠায়। ডিএফএস-এর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘এখনও উদ্ধার অভিযান চলছে।’
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে বহু মানুষ দাঁড়িয়ে আছেন। কেউ কেউ চলাচলের পথ সুগম করতে খালি হাতেই বড় বড় কংক্রিটের স্ল্যাব সরানোর চেষ্টা করছেন। আরও অনেককে তাদের মোবাইলে এই ধ্বংসযজ্ঞের দৃশ্য ধারণ করতে দেখা গেছে।
এদিকে দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে সাধারণ মানুষকে ওই এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে, যাতে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহন দ্রুত চলাচল করতে পারে।
পোস্টে দিল্লি ট্রাফিক পুলিশ জানায়, ‘সীমাপুরীতে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এখন উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে কাজ করছে। সীমাপুরী গোল চক্কর, ডিএলএফ ভোপাল ও তৎসংলগ্ন সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফাঁকা রাস্তা অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানকে দ্রুত পৌঁছাতে সাহায্য করবে। সম্ভব হলে অনুগ্রহ করে এই এলাকাটি এড়িয়ে চলুন। দুর্ঘটনাস্থলের কাছে থামবেন না, গাড়ি পার্ক করবেন না বা ভিড় জমাবেন না এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available