• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৩৮:৩৩ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

১৪ জুন ২০২৬ সকাল ১১:৫৪:৫৯

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে আবারও বিক্ষোভ হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থতার অভিযোগে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে রাস্তায় নামেন শত শত মানুষ।

দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, ১৩ জুন শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত প্রায় ৫০০ জনের সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনে আগ্রহী নয়।

হামাসের হামলায় অপহৃত হয়ে পরে গাজায় নিহত হওয়া ৮০ বছর বয়সী ইয়োরাম মেটজগারের পুত্রবধূ আয়ালা মেটজগার বলেন, সময় যত গড়াচ্ছে প্রশ্নও তত বাড়ছে। তার মতে, আইন অনুযায়ী গঠিত রাষ্ট্রীয় তদন্ত কমিশনই সর্বোচ্চ নিরপেক্ষ তদন্তের মাধ্যম, যেখানে প্রধান বিচারপতির নিয়োগ করা স্বাধীন বিশেষজ্ঞরা থাকেন। কিন্তু সরকার যে কমিটির প্রস্তাব দিয়েছে, তা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হতে পারে।

আয়ালা মেটজগারের দাবি অনুযায়ী, প্রস্তাবিত কমিটিতে জোট ও বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হলেও বিরোধীরা অংশ না নিলে পুরো তদন্ত প্রক্রিয়া সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে, যা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে।

অন্যদিকে, নোভা সঙ্গীত উৎসবে হামলায় নিহত ২৬ বছর বয়সী ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যান বলেন, তার মেয়ে ধর্মীয় সংঘাতের কারণে প্রাণ হারিয়েছেন। তিনি দাবি করেন, হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ারের কথিত লেখালেখি থেকে বোঝা যায়, ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনাই এই সংঘাতকে আরও গভীর করেছে।

তিনি আরও বলেন, বাধ্যতামূলক সামরিক সেবা এড়িয়ে যাওয়া ইয়েশিভা শিক্ষার্থীদের বিষয়ে যে নীতি আছে, তা সাধারণ নাগরিকদের সঙ্গে সমান হওয়া উচিত। তার ভাষায়, ধর্মীয় শিক্ষা কোনোভাবেই নিরাপত্তার বিকল্প হতে পারে না।

সমাবেশ চলাকালে সরকারপন্থি কর্মী হাদার মুখতার ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে উত্তেজনা তৈরি হয়। পরে সরকারবিরোধী এক সামাজিক যোগাযোগমাধ্যম কর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে দুজনকে আলাদা করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us