• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ সকাল ১১:২০:৩৬ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০

২৮ জুন ২০২৬ সকাল ০৯:২৬:৫৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পরও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে। সর্বশেষ তথ্যানুযায়ী, এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। এছাড়া এখনও ৫১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ২৭ জুন শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ ক্ষয়ক্ষতির কারণে এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করেছে সরকার।

উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে শুক্রবার রাত থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের যাতায়াতে বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। তবে সরকারি উদ্ধার তৎপরতা পর্যাপ্ত না হওয়ায় অনেক স্থানীয় বাসিন্দা খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা করছেন। এদিকে মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করেছে, জীবিত মানুষ উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময় দ্রুত শেষ হয়ে আসছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিশেষ অনুমতি ছাড়া লা গুয়াইরা এলাকায় প্রবেশ করা যাবে না। তবে কারা এই অনুমতি পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্ধারকারী দলের উপস্থিতি প্রয়োজনের তুলনায় অনেক কম। যদিও সরকার দাবি করেছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ বলেন, “এখন প্রতিটি প্রাণ রক্ষা করাই অলৌকিক ঘটনার মতো। এই ট্র্যাজেডির ভয়াবহতার কিছুই আমরা আড়াল করব না।”

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছে তার প্রশাসন।

শনিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানায়, ভূমিকম্পে সরাসরি অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে। একই দিন আরাগুয়া রাজ্যে ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলেও এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বেসরকারি তথ্য অনুযায়ী, এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের অনেকেই মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৩ হাজার ৩০০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এছাড়া এখন পর্যন্ত ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, রাজধানী কারাকাসসহ প্রায় ৬৭ লাখ ৬০ হাজার মানুষ এই দুর্যোগে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এক বিবৃতিতে সংস্থাটির মহাপরিচালক অ্যামি পোপ বলেন, “নিরাপত্তার খোঁজে মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।”

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us