আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার মামলায় জামিনে থাকা এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির শ্যালকই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তেলেঙ্গানার নিজামাবাদে রাস্তার পাশের একটি খাবারের দোকানের কাছে ২৬ বছর বয়সী চিত্তারি হরিবাবুর ওপর হামলা চালানো হয়। ১৮ সেপ্টেম্বর শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, একটি গাড়িতে করে তিন থেকে চারজন ব্যক্তি ঘটনাস্থলে আসেন। তাদের মধ্যে একজন নেমে হরিবাবুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নিজামাবাদের গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে চলতি বছরের ১৭ মার্চ জগতিয়াল জেলায় চার মাসের অন্তঃসত্ত্বা ইউটিউবার গন্ধম বৈষ্ণবীর মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে তাঁর পরিবারের করা মামলায় হরিবাবুকে গ্রেফতার করা হয়। পরে জুলাই মাসে তিনি জামিনে মুক্তি পান।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈষ্ণবীর ভাই সন্তোষ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সন্তোষকে হত্যার দায় স্বীকার করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা যাচাই করছে পুলিশ।
ভিডিওতে সন্তোষ দাবি করেন, বোন হত্যার ঘটনায় আইনি বিচারের জন্য অপেক্ষা করেও কোনো ফল না পাওয়ায় তিনি নিজেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। অন্য কাজে যাওয়ার পথে নিজামাবাদে হরিবাবুকে দেখতে পেয়ে তাঁর ওপর হামলা চালান বলেও দাবি করেন তিনি।
সন্তোষ আরও জানান, তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে উল্লেখ করে মৃত্যুদণ্ড এড়াতে জনগণের সহযোগিতাও চান তিনি।
ঘটনার পর পুরো তেলেঙ্গানায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র: এনডিটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available