আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতা অর্জনের লক্ষ্যে মহাকাশভিত্তিক লেজার প্রযুক্তি উন্নয়নে কাজ করছে ইসরায়েল। এমন দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
সোমবার সামরিক বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে কাটজ বলেন, প্রধানমন্ত্রী এবং তিনি দেশের শীর্ষ মেধাবীদের এ প্রকল্পে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।
তার ভাষায়, ‘আজ পর্যন্ত কোনো দেশেরই মহাকাশ থেকে কার্যকর হামলা চালানোর সক্ষমতা নেই। আমরা চাই, এই সক্ষমতায় বিশ্বের শীর্ষ দেশ হতে।’
তিনি আরও বলেন, এ সক্ষমতা অর্জন করা গেলে ইসরায়েল তার প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, আঘাত হানা এবং কৌশলগত সুবিধা ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করবে।
এর আগে গত বৃহস্পতিবারও কাটজ বলেছিলেন, মহাকাশভিত্তিক হামলার সক্ষমতায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইসরায়েল। তবে সর্বশেষ বক্তব্যে প্রথমবারের মতো তিনি স্পষ্টভাবে মহাকাশভিত্তিক লেজার প্রযুক্তির কথা উল্লেখ করেন।
ইসরায়েল ইতোমধ্যেই লেজারভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশটি ‘আয়রন বিম’ নামে একটি স্থলভিত্তিক লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এছাড়া ভবিষ্যতে যুদ্ধবিমান থেকে লেজার অস্ত্র ব্যবহারের সক্ষমতা তৈরির লক্ষ্যেও গবেষণা চলছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্রিফিংয়ে কাটজের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, তিনি মূলত ইরানের সামরিক সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরছিলেন। চলতি বছর ইরানের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েল মহাকাশ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ইরানের একাধিক স্থাপনায় হামলা চালিয়েছিল। এসব স্থাপনার মধ্যে স্যাটেলাইটবিরোধী প্রযুক্তি উন্নয়নের সঙ্গে যুক্ত অবকাঠামোও ছিল বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে প্রতিরক্ষামন্ত্রীর এই দাবি যে, এখন পর্যন্ত কোনো দেশেরই মহাকাশে হামলা চালানোর সক্ষমতা নেই—তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ রাশিয়া ও চীন অতীতে স্যাটেলাইটবিধ্বংসী (অ্যান্টি-স্যাটেলাইট) অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে এবং কক্ষপথে থাকা নিজস্ব স্যাটেলাইট ধ্বংস করার সক্ষমতা প্রদর্শন করেছে।
সামরিক বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে মহাকাশভিত্তিক লেজার প্রযুক্তি শত্রুপক্ষের স্যাটেলাইট অচল বা ধ্বংস করার পাশাপাশি মহাকাশে তৈরি হওয়া ধ্বংসাবশেষ নিয়ন্ত্রণেও ব্যবহার করা যেতে পারে।
এদিকে বিশ্লেষকদের মধ্যে এমন জল্পনাও রয়েছে যে, মহাকাশের উচ্চতায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম ইসরায়েলের অ্যারো-৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হলে স্যাটেলাইটবিরোধী অভিযানে ব্যবহার করা হতে পারে। যদিও এ বিষয়ে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: জেরুজালেম পোস্ট
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available