• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫২:৫৮ (03-Sep-2026)
  • - ৩৩° সে:

বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ

৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:০৪

বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্র, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ
“প্রতীকি ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্ট আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে শত শত মানুষের প্রাণহানির পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্রও। এর প্রভাবে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

২ সেপ্টেম্বর বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, বর্ষাকালে নদীর পানির প্রবাহ বাড়ায় নেপালের জলবিদ্যুৎকেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পায়। এ সময় দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করা হয়।

সম্প্রতি ভারতীয় বিদ্যুৎ গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল। তবে ভোটেকোশি নদীর আকস্মিক বন্যায় কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই সরবরাহ এখন পুরোপুরি বন্ধ রয়েছে।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পর নেপালের বেশ কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। ফলে দেশটির বিদ্যুৎ রপ্তানির পরিমাণও কমে গেছে। আগে গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করলেও বর্তমানে তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে।

শীতকালে নেপালে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। ফলে অতীতে দেশটিকে বিদ্যুৎ আমদানি করতে হতো। তবে জলবিদ্যুৎ প্রকল্পের সম্প্রসারণের ফলে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি নেপাল এখন আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পাওয়া ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলমি জলবিদ্যুৎকেন্দ্র এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলি জলবিদ্যুৎকেন্দ্র—দুটিই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে গত সপ্তাহ থেকে কেন্দ্র দুটি বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রেখেছে।

কেন্দ্র দুটি ভারতীয় বিদ্যুৎ গ্রিড ব্যবহার করে মার্কিন ডলারের বিনিময়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছিল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ বলেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বিকল্প হিসেবে অন্য কোনো প্রকল্প থেকে বিদ্যুৎ বাংলাদেশে পাঠানোর সুযোগ দিতে ভারতকে অনুরোধ করা হয়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ