• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:৪৪:২৫ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩০:৩০

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত। মঙ্গলবার ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান।

মঙ্গলবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এক দফা হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক স্থাপনা, মাইন পাতা সংক্রান্ত সক্ষমতা ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করা হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আহভাজ শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের বেসামরিক জিরোফট বিমানবন্দরেও হামলার খবর পাওয়া গেছে। এ ছাড়া চাবাহার, বান্দার আব্বাস ও গুরুত্বপূর্ণ গ্যাসকেন্দ্র আসালুয়েহতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কেশম দ্বীপেও বিস্ফোরণের খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।

এরপরই পাল্টা জবাব দেয় তেহরান। জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইরান।

এদিকে, ইরানের উপকূলীয় এলাকা সিরিকের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় পাঁচজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা মেহর। তবে আহতের সংখ্যা ৬৮ জন বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন।

সংঘাতের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে হরমুজ প্রণালিতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহনপথ কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। এর মধ্যেই সোমবার প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। ফলে মঙ্গলবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি চার ডলারের বেশি বেড়ে পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

আইআরজিসি জানায়, মার্কিন হামলার কারণে হরমুজ প্রণালিতে আরও কঠোর অবরোধ আরোপ করা হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফও হুঁশিয়ারি দিয়েছেন—তেহরানকে যদি পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি বন্ধ করতে বাধ্য করা হয়, তাহলে অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না।

এর আগে, ইরানকে আরও কঠোর হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতির কথা জানান মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের
ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের
২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৩০:৩০


দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার
১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৬:৪৮



বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের চুক্তি
বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের চুক্তি
১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৬:১৪