আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর বিশাল একটি আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। ধসে পড়া বর্জ্যের স্তূপ পাশের অস্থায়ী ঘরবাড়ির ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
২৩ আগস্ট রোববার রাতের এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী কোনাক্রির দার-এস-সালাম এলাকায় রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে আবর্জনার স্তূপটি ধসে পড়ে। দুর্ঘটনার পর আটকে পড়াদের উদ্ধারে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়।
স্থানীয় এক নারী গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে। পরে ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের খননযন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে তল্লাশি চালাতে দেখা যায়। উদ্ধার অভিযান দেখতে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারাও।
পরিস্থিতি দেখতে এবং উদ্ধার অভিযান তদারক করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।
স্থানীয় নেতা লানসিনে সিলা বার্তাসংস্থা এএফপিকে জানান, প্রাথমিক পর্যায়ে ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছিল। পরে উদ্ধার অভিযান চলতে থাকায় মৃতের সংখ্যা বেড়ে ৩০-এ পৌঁছায়।
স্থানীয় কর্মকর্তারা দীর্ঘদিনের দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং ভারী বৃষ্টিপাতকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে ২০১৭ সালেও একই এলাকায় আবর্জনার স্তূপ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available