আন্তর্জাতিক ডেস্ক: পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশের পর একটি রুশ ক্ষেপণাস্ত্র দেশটির ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পরপরই আকাশ নিরাপত্তা জোরদার করতে এফ-১৬ যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক বিমান মোতায়েন করেছে ন্যাটো।
ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জুলাই বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে রাশিয়ার রাতভর চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ে। একই হামলায় ইউক্রেনে শিশুসহ অন্তত আটজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন।
ন্যাটোর এক মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্রটি শনাক্ত হওয়ার পর পোল্যান্ডের সহায়তায় জোটের পক্ষ থেকে এফ-১৬ যুদ্ধবিমান, একটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান এবং একটি আগাম সতর্কীকরণ বিমান মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ন্যাটো তার সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।
পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের তারনাওয়া-কলোনিয়া গ্রামে ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়ে একটি বড় গর্ত সৃষ্টি করেছে। তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এ ঘটনাকে রাশিয়ার "আরও একটি বেপরোয়া পদক্ষেপ" উল্লেখ করে বলেন, ইউক্রেন যুদ্ধের ঝুঁকি এভাবে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকেও প্রভাবিত করছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিক তথ্য-উপাত্তে এটি একটি রুশ ক্ষেপণাস্ত্র বলেই প্রতীয়মান হচ্ছে।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা দাবি করেছেন, একটি রুশ খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন করেছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পোল্যান্ড, রোমানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়াসহ ন্যাটোর পূর্বাঞ্চলের বিভিন্ন দেশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন অনুপ্রবেশের ঘটনা একাধিকবার ঘটেছে। এসব ঘটনার কারণে অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।
সূত্র: ফক্স নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available