• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৮:২৭:২১ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

বাবার রক্তের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

১২ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৫:৩১

বাবার রক্তের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম লিখিত বার্তায় তিনি বলেন, এটি শুধু তার ব্যক্তিগত বা পারিবারিক সিদ্ধান্ত নয়, বরং ইরানি জাতির প্রত্যাশার প্রতিফলন।

১১ জুলাই শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশিত ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘শহীদ নেতা এবং এই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের বিচার নিশ্চিত করা হবে।’ তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এ ঘটনার জন্য দায়ী করে বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় জানা আছে এবং তারা কোনোভাবেই জবাবদিহি এড়াতে পারবে না।

তিনি আরও বলেন, ‘ওপর থেকে নিচ পর্যন্ত এই অপরাধে জড়িত সবার পরিচয় নথিভুক্ত রয়েছে। আমরা থাকি বা না থাকি, খুব শিগগিরই এই অঙ্গীকার পূরণ করা হবে।’

এদিকে, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া কিছু মানুষের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেহরানকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেন, তার বিরুদ্ধে কোনো হামলার চেষ্টা হলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কঠোর সামরিক জবাব দেবে।

অন্যদিকে, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা প্রশমিত করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। আইআরএনএর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর করেছেন। একই সময়ে কাতারের একটি প্রতিনিধিদলও তেহরান সফর করে উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়ে আলোচনা করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ জানানোর দাবি প্রত্যাখ্যান করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান ওয়াশিংটনের কাছে কোনো আলোচনার আবেদন করেনি। তবে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ছয় দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে গত শুক্রবার তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হয়। শোকানুষ্ঠানে অংশ নেওয়া জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোজতবা খামেনি তাদের উপস্থিতিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

সূত্র: রয়টার্স, এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯