আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো স্টিলথ প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর একটি যন্ত্রাংশের চালান গন্তব্যে না পৌঁছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে চলে গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কংগ্রেস। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চালানটিতে এফ-৩৫ যুদ্ধবিমানের একটি ক্যানোপি ছিল। এটি ককপিটের ওপর থাকা স্বচ্ছ আবরণ, যা বিমানটির স্টিলথ সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। এতে বিশেষ ধরনের স্বচ্ছ উপাদান ব্যবহার করা হয়, যা রাডারের কাছে বিমানের উপস্থিতি শনাক্ত করা কঠিন করতে সহায়তা করে।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে ওই যন্ত্রাংশ পাঠাতে একটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয়েছিল। তবে কোনো এক পর্যায়ে চালানটির গন্তব্য পরিবর্তিত হয়ে তা হংকংয়ে পৌঁছে যায়।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ যন্ত্রাংশটি বর্তমানে কোথায় রয়েছে বা কার কাছে আছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এটি চীনের হাতে পৌঁছে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।
ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কংগ্রেসের যৌথ তদন্ত গত জুনে শুরু হয়। তদন্ত এখনো চলছে। নিখোঁজ যন্ত্রাংশটি উদ্ধারের পাশাপাশি কীভাবে সেটি নির্ধারিত গন্তব্যের বাইরে চলে গেল এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এফ-৩৫ যুদ্ধবিমানের ক্যানোপি শুধু ককপিটের আবরণ হিসেবে কাজ করে না; এতে ব্যবহৃত বিশেষ উপাদান বিমানটির স্টিলথ সক্ষমতার সঙ্গে সম্পর্কিত। সময়ের সঙ্গে এসব উপাদানের কার্যকারিতা কমে যেতে পারে। ফলে প্রয়োজন অনুযায়ী ক্যানোপি পরিবর্তন করতে হয়।
পলিটিকোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নিজেদের ও মিত্র দেশগুলোর জন্য এখন পর্যন্ত ১ হাজার ৩০০টির বেশি এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available