• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:২৪:২৪ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে একজনের মৃত্যু, বিদ্যুৎহীন হাজারো মানুষ

২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৬:০০

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে একজনের মৃত্যু, বিদ্যুৎহীন হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়, ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে। নিউইয়র্ক, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ডসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে, উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। ঝড়ে ব্রুকলিনে গাছ চাপা পড়ে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

‘নরইস্টার’ নামে পরিচিত এ ঝড়ের প্রভাবে নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আক্রান্ত হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টি, শক্তিশালী বাতাস ও উপকূলীয় জলোচ্ছ্বাসের কারণে সপ্তাহান্তজুড়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে।

২৬ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কের ইস্ট নিউইয়র্ক এলাকায় একটি গাছের নিচে চাপা পড়ে ওই ব্যক্তি নিহত হন। পুলিশ জানিয়েছে, তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি নিউইয়র্ক সিটি হাউজিং কর্তৃপক্ষের একজন কর্মী ছিলেন বলে সংস্থাটি জানিয়েছে।

ঝড়ের কারণে উত্তর-পূর্বাঞ্চলে ৭০ হাজারের বেশি গ্রাহক একপর্যায়ে বিদ্যুৎহীন হয়ে পড়েন। নিউ জার্সি, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ডসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

উপকূলীয় এলাকাগুলোতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, প্রবল বাতাস ও ভারী বৃষ্টির পাশাপাশি নিউ জার্সি ও ডেলাওয়্যার উপকূলে উল্লেখযোগ্য জলোচ্ছ্বাস হতে পারে। কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বাসিন্দাদের সতর্ক করে উপকূলীয় এলাকা ও পানির কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছেন। ঝড়ের কারণে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং সড়কে পানি জমে চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঝড়ের প্রভাবে বিমান চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকালেই ২৫৩টি ফ্লাইট বাতিল এবং আরও কয়েক ডজন ফ্লাইট বিলম্বিত হওয়ার তথ্য পাওয়া যায়। ন্যানটাকেট ও মার্থাস ভিনিয়ার্ড বিমানবন্দরেও বহু ফ্লাইট বাতিল হয়েছে।

বিভিন্ন বিমান সংস্থা আবহাওয়াজনিত কারণে যাত্রীদের ভ্রমণসূচি পরিবর্তনের সুযোগ দিয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে আরও ফ্লাইট বাতিল ও বিলম্বের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অবস্থান করায় ঝড়ের কারণে তাদের যাতায়াত ও বিভিন্ন কর্মসূচিতেও প্রভাব পড়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রোববারও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, শক্তিশালী বাতাস ও উপকূলীয় বন্যার ঝুঁকি থাকতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
২৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১০:১৯