আন্তর্জাতিক ডেস্ক: কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার এক পাইলটের বিরুদ্ধে প্রায় ১৭ বছর ধরে জাল লাইসেন্স ব্যবহার করে যাত্রীবাহী বিমান পরিচালনার অভিযোগ উঠেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্ত জিওফ্রি ওয়াল (৫৯) অন্টারিও প্রদেশের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ২০০৯ সালে ক্যাপ্টেন পদে উন্নীত হওয়ার পর থেকে তিনি প্রয়োজনীয় এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (এটিপিএল) ছাড়াই ফ্লাইট পরিচালনা করে আসছিলেন।
পিল রিজিওনাল পুলিশের ডেপুটি চিফ নিক মিলিনোভিচ বলেন, এটিপিএল অর্জনের জন্য নির্দিষ্ট লিখিত পরীক্ষা ও দক্ষতার প্রমাণ দিতে হয়। তবে ওয়াল এসব শর্ত পূরণ না করেই জাল নথির মাধ্যমে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে তদন্তে উঠে এসেছে।
তদন্তকারীদের দাবি, গত ১৭ বছরে তিনি বোয়িংসহ বিভিন্ন ধরনের উড়োজাহাজ চালিয়ে প্রায় ৯০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন। এ সময় তিনি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করেন, যা জাল নথির ভিত্তিতে অর্জিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
গত বছর নিয়মিত এক মূল্যায়নের সময় তার লাইসেন্স সংক্রান্ত অসঙ্গতি ধরা পড়ে। পরে ট্রান্সপোর্ট কানাডা ও পুলিশের পৃথক তদন্তে লাইসেন্স জালিয়াতির বিষয়টি সামনে আসে।
এ ঘটনায় চলতি মাসের শুরুতে তার বিরুদ্ধে প্রতারণা, জাল নথি তৈরি ও ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগসহ সাতটি মামলা দায়ের করা হয়েছে।
এয়ার কানাডা জানিয়েছে, অভিযোগ সামনে আসার পরপরই ওয়ালকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বিষয়টি স্বপ্রণোদিতভাবে ট্রান্সপোর্ট কানাডাকে জানানো হয়েছে। তবে সংস্থাটির দাবি, যাত্রীদের নিরাপত্তা কখনো ঝুঁকিতে পড়েনি, কারণ সব পাইলটকেই নিয়মিত দক্ষতা মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয়।
আগামী ২৯ জুন আদালতে হাজির হওয়ার কথা রয়েছে অভিযুক্ত পাইলটের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available