• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৮:৪০ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’

৮ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৮:২৫

ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত ইউরোপীয় পার্লামেন্ট ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশাল সোনালী রঙের মূর্তি প্রদর্শন করা হয়েছে। ২৩ ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো সাড়ে ৮ ফুট উচ্চতার এই আবক্ষ মূর্তিতে ট্রাম্পকে নগ্ন অবস্থায় দেখানো হয়েছে, যার এক হাতে রয়েছে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা এবং অন্য হাতে একটি দীর্ঘ গলফ ক্লাব, আর তার গলফ বলটিকে বিশ্বের মানচিত্রের আদলে তৈরি করা হয়েছে। খবর এনডিটিভির।

‘অরেঞ্জ প্লেগ’ (কমলা মহামারী) শিরোনামের এই ভাস্কর্যটি তৈরি করেছেন ডেনমার্কের খ্যাতনামা শিল্পী জেনস গ্যালশিওট। মূর্তিটিতে ট্রাম্পকে পোশাক পরিহিত ছোট আকারের এক ব্যক্তির কাঁধে বসে থাকতে দেখা যায়, যিনি ট্রাম্পের পুরো ওজন বহন করছেন। ভাস্কর্যটিকে ‘অন্যায়ের রাজা’ হিসেবেও আখ্যা দেওয়া হচ্ছে।

স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টের দুটি ভবনকে যুক্তকারী সবচেয়ে ব্যস্ততম মোড়গুলোর একটিতে মূর্তিটি স্থাপন করা হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত এটি সেখানে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

মূর্তিটির বেদীতে লেখা একটি বার্তায় উল্লেখ করা হয়েছে, ‘আমি এক ব্যক্তির পিঠে বসে আছি। আমার ভারে সে ধসে পড়ছে। তাকে সাহায্য করার জন্য আমি সব করতে পারি, শুধু তার পিঠ থেকে নামা ছাড়া।’

শিল্পী গ্যালশিওট জানান, ট্রাম্প আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল বিশ্বব্যবস্থা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জলবায়ু সংকট মোকাবিলার প্রচেষ্টার জন্য অন্যতম বড় হুমকি। ডেনিশ এই শিল্পী বলেন, ‘আমাদের অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এ ধরনের ধ্বংসাত্মক প্রভাবের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়াতে হবে।’

গ্যালশিওটের মতে, ভাস্কর্যটি ‘দ্য এম্পেররস নিউ ক্লোথস’ (সম্রাটের নতুন পোশাক) রূপকথা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। গল্পটিতে একজন অহংকারী শাসক নিজেকে দারুণ পোশাকে আবৃত মনে করলেও বাস্তবে তিনি ছিলেন সম্পূর্ণ নগ্ন।

গল্পে দেখা যায়, ভয় ও তোষামোদের কারণে সম্রাটের চারপাশের মানুষ নীরব থাকে। পরে একটি শিশু তার কোনও পোশাক না থাকার বিষয়টি সবার সামনে তুলে ধরার মাধ্যমে তাকে উপহাসের পাত্রে পরিণত করে।

শিল্পী তার ওয়েবসাইটে জানান, পুরো ভাস্কর্যটি ২৩ ক্যারেট সোনায় মোড়ানো হলেও এই সোনালী প্রলেপ ‘মূলত তার নগ্নতাকেই আরও উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলেছে’।

এর আগে, ব্রাজিলে অনুষ্ঠিত ‘কপ-৩০’ জলবায়ু সম্মেলন এবং চলতি বছরে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনেও ভাস্কর্যটি প্রদর্শন করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ