• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৮:৫০ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

৩০ আগস্ট ২০২৬ দুপুর ১২:১৩:৫৪

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোলকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির সামরিক ও দলীয় নেতৃত্বে বড় ধরনের রদবদল করা হয়েছে।

২৯ আগস্ট শনিবার প্রেসিডেন্ট কিম জং উনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে সামরিক নেতৃত্বের ‘কাঠামোগত পুনর্গঠন পরিকল্পনা’ অনুমোদনের পর এসব পরিবর্তন আনা হয়। আজ রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রীর পদ হারানোর পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতৃত্বেও পদাবনতি হয়েছে নো কোয়াং চোলের। তাকে দলের অস্ত্রশিল্প বিভাগের প্রথম উপপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন কোরিয়ান পিপলস আর্মির জেনারেল পলিটিক্যাল ব্যুরোর পরিচালক কিম সং গি।

সামরিক নেতৃত্বে আরও পরিবর্তন আনা হয়েছে। জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও প্রতিরক্ষা উপদেষ্টা পাক জং চোনকে কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। একই সঙ্গে তাকে ক্ষমতাসীন দলের পলিটিক্যাল ব্যুরোর সদস্য করা হয়েছে। এ ছাড়া সামরিক ও দলীয় নেতৃত্বে আরও কয়েকজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

সামরিক নেতৃত্বে এই রদবদলের পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তিতে অগ্রগতির কথাও জানিয়েছে কেসিএনএ। শনিবার এক অনুষ্ঠানে কিম জং উন প্রতিরক্ষা প্রযুক্তিতে অবদানের জন্য বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তাদের প্রশংসা করেন এবং তাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা দেওয়া হয়।

কেসিএনএর ভাষ্য, পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা নতুন যুদ্ধাস্ত্র ব্যবস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমস্যার সমাধানে অবদান রেখেছেন। তবে কী ধরনের অস্ত্রব্যবস্থা তৈরি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

দেশটির পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র সম্প্রতি কিছু ‘বিশেষ প্রযুক্তি’ উদ্ভাবন করেছে বলেও দাবি করেছে কেসিএনএ। এসব প্রযুক্তি সামরিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: এপি, রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ