• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৯:০০ (09-Jul-2026)
  • - ৩৩° সে:

একদিনে দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি ব্যবসায়ী খুন

৯ জুলাই ২০২৬ সকাল ০৯:০৫:৪৫

একদিনে দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশি ব্যবসায়ী খুন

অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন নোয়াখালীর দুই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। পৃথক দুই ঘটনায় নিহতরা হলেন- বেগমগঞ্জের মো. সুমন ও সদর উপজেলার মো. ইয়াছিন।

৮ জুলাই বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহাজন বাড়ির মৃত আবদুল ওয়াদুদের ছেলে মো. সুমন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে, ৭ জুলাই মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোর্ট এলিজাবেথ শহরে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. ইয়াছিন (৪০)।

নিহতের পরিবার জানায়, প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন ইয়াছিন। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ি রয়েছে। মঙ্গলবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাড়ির গেটের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার পাঁচ বছর বয়সী মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

টানা দুই বাংলাদেশি ব্যবসায়ী হত্যার ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তাহীনতায় আতঙ্কিত হয়ে পড়েছেন দেশটিতে ব্যবসা করা বাংলাদেশিরা।

দুই প্রবাসী ব্যবসায়ীর মৃত্যুতে নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে দুই পরিবারের পরিবেশ।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী আনোয়ারুল ইসলাম বলেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীদের ওপর হামলা, ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে, যা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং দক্ষিণ আফ্রিকা সরকারের কাছে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাই। একই সঙ্গে প্রবাসীদের আরও সতর্কতা অবলম্বন এবং একে অপরের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান ও নোয়াখালীর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম বলেন, দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে নোয়াখালীর দুই প্রবাসী ব্যবসায়ীর নিহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের এ ধরনের মৃত্যু শুধু পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্যই অপূরণীয় ক্ষতি। আমরা নিহত মো. সুমন ও মো. ইয়াছিনের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব
‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব
৯ জুলাই ২০২৬ সকাল ০৯:১৮:৩২




Follow Us