স্পোর্টস ডেস্ক: লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে এফসি বার্সেলোনা।
১ মার্চ শনিবার দিবাগত রাতে ক্যাম্প ন্যু-তে ভিয়ারেয়াল সিএফ-কে ৪-১ গোলে হারিয়েছে কাতালানরা। হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক হয়েছেন তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল।


শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ২৩তম মিনিটে প্রথম লক্ষ্যে শট নিলেও গোলরক্ষকের বাধায় সফল হয়নি তারা। তবে ২৭তম মিনিটে ফের্মিন লোপেসের বাড়ানো থ্রু পাস ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ইয়ামাল।

৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে একাধিক ডিফেন্ডার কাটিয়ে দূরের পোস্টে জোরালো শটে বল জালে জড়ান এই উইঙ্গার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ তৈরি করলেও দানি ওলমোর শট ঠেকিয়ে দেন ভিয়ারেয়ালের গোলরক্ষক। ৪৯তম মিনিটে কর্নার থেকে সৃষ্ট সুযোগে ব্যবধান কমান পাপ গেয়ি। এরপর ৫৪তম মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন আয়োসে পেরেস।
৬৯তম মিনিটে মাঝমাঠ থেকে পেদ্রির দারুণ পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পাশ কাটিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন ইয়ামাল, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি হিসেবে নামা রবার্ট লেভানদোভস্কি জুল কুন্দের পাস থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে ৪-১ ব্যবধান নিশ্চিত করেন।
এই জয়ে ২৬ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৬৪। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ সিএফ। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়ারেয়াল।
ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে যা তাদের একচ্ছত্র আধিপত্যেরই প্রমাণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available