স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে ফ্রান্স। তবে দল হারলেও ব্যক্তিগত অর্জনে নতুন ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপে। ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন এই ফরাসি ফরোয়ার্ড।
মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে দুটি গোল করার মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ উন্নীত করেন এমবাপে। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে, যার বিশ্বকাপে গোলসংখ্যা ২১।
মাত্র ২৭ বছর বয়সেই এই কীর্তি গড়লেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ২০১৮ বিশ্বকাপে ৪ গোল, ২০২২ বিশ্বকাপে ৮ গোল এবং চলতি আসরে ১০ গোল করে তিনি রেকর্ডটি গড়েছেন। মাত্র ২২ ম্যাচেই ২২ গোলের মাইলফলকে পৌঁছান এমবাপে।
চলতি বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও সবার ওপরে থেকেই নিজের তৃতীয় বিশ্বকাপ অভিযান শেষ করেছেন তিনি। অন্যদিকে স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামার সুযোগ রয়েছে মেসির। সেটিই হতে পারে আর্জেন্টাইন মহাতারকার শেষ বিশ্বকাপ ম্যাচ।
রেকর্ড গড়ার পরও ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের ব্যর্থতাই বেশি কষ্ট দিচ্ছে এমবাপেকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘মেসি ফাইনালে গোল করবেন, এটা নিশ্চিত। আমি শুধু আমার দলকে জেতাতে চেয়েছিলাম। বিশ্বকাপে অনেক গোল করলে অবশ্যই বিশেষ একটি জায়গায় পৌঁছানো যায়, কিন্তু...’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে রোববারের ফাইনালে খেলতে পারলে আমি অনেক বেশি আনন্দিত হতাম। ইতিহাসের অংশ হওয়া অবশ্যই বিশেষ ব্যাপার, কিন্তু এই মুহূর্তে সেই আনন্দ অনুভব করছি না।’
ব্যক্তিগত সাফল্যের নতুন অধ্যায় লিখলেও শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ার আক্ষেপ নিয়েই এবারের বিশ্বকাপ শেষ করলেন এমবাপে।
সূত্র: ইএসপিএন, বিবিসি স্পোর্ট, এএফপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available