স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ নারী ফুটবল দলের ইতিহাসে আরও একটি গৌরবময় অধ্যায় যুক্ত হলো। টানটান উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের স্কোরলাইন ছিল ১-১। যোগ করা ছয় মিনিটের খেলার শেষ ভাগে এসে বাংলাদেশের জয়ের নায়ক হন সাগরিকা। শামসুন্নাহার জুনিয়রের বাড়ানো পাস থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই ব্যবধানই ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে টুর্নামেন্টের সর্বশেষ দুই আসরেও ফাইনালে উঠেছিল বাংলাদেশ এবং দুবারই শিরোপা জিতেছিল নেপালকে হারিয়ে। তবে প্রথমবার ফাইনালে উঠে ভারতের কাছে পরাজিত হতে হয়েছিল বাংলাদেশকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। এর ফলও পেয়ে যায় তারা। ২৩তম মিনিটে দীপা শাহির কর্নার থেকে গীতা রানির গোলে এগিয়ে যায় হিমালয়ের দেশটি।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় বাংলাদেশ। কয়েকটি সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। অন্যদিকে ৩৬তম মিনিটে নেপাল আরও একটি গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল। প্রীতি রাজের দূরপাল্লার শট গোলপোস্টে লেগে ফিরে আসে। এ সময় বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তারের দারুণ প্রচেষ্টাও ছিল উল্লেখযোগ্য।
প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে বাংলাদেশ। কর্নার থেকে সরাসরি শটে দুর্দান্ত এক গোল করে দলকে ম্যাচে ফেরান ঋতুপর্ণা চাকমা। তার নৈপুণ্যে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও দু’দলই একাধিক সুযোগ তৈরি করে। নেপালের রেখার শট পোস্টে লেগে ফিরে আসায় বেঁচে যায় বাংলাদেশ। অন্যদিকে ৭৮তম মিনিটে সাগরিকার জোরালো শট দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন নেপালের গোলরক্ষক সুব্বা।
এরপর ম্যাচ গড়ায় শেষ মুহূর্তের নাটকীয়তায়। যখন অতিরিক্ত সময়ের খেলা প্রায় শেষের পথে, তখন ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে আসেন শামসুন্নাহার জুনিয়র। তার নিখুঁত পাস থেকে সাগরিকা বল জড়িয়ে দেন নেপালের জালে। আর তাতেই উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশের শিবির।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ, যেখানে আরও একটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বর্তমান চ্যাম্পিয়নরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available