নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের কৃতি সন্তান, চারুকলা শিক্ষক, লেখক ও গবেষক অধ্যাপক ড. আব্দুস সাত্তার এ বছরের একুশে পদক-এ ভূষিত হয়েছেন। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে তিনি রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা গ্রহণ করেন।
১৯৪৭ সালে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চকবড়াই গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক ড. আব্দুস সাত্তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে একই বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টাল আর্ট বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।


উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য তিনি ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়-এ চিত্রকলা, ছাপচিত্র ও ভাস্কর্যে দুই বছর প্রশিক্ষণ নেন। এছাড়া যুক্তরাষ্ট্রের Georgetown University থেকে ইংরেজি সাহিত্যে উচ্চতর ডিগ্রি এবং নিউইয়র্কের Pratt Institute থেকে ছাপচিত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশের নতোন্নত কাঠখোদাই শিল্প নিয়ে গভীর গবেষণার মাধ্যমে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে চারুকলা শিক্ষা, গবেষণা ও শিল্পচর্চায় অসামান্য অবদান রেখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে অবসর গ্রহণ করেন। অবসরোত্তর সময়েও অনারারি অধ্যাপক হিসেবে নিয়মিত পাঠদান অব্যাহত রেখেছেন।
চারুকলা, নন্দনতত্ত্ব ও গবেষণাক্ষেত্রে তার অনন্য অবদান দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। একুশে পদক প্রাপ্তিতে নাটোরসহ সারাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available