বিনোদন ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মিষ্টি জান্নাত। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ জীবনঘটনা যুক্ত করার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
মিষ্টি জানান, তার স্বামী একজন ব্যবসায়ী। তবে স্বামীর নাম, বিয়ের সময় ও স্থানসহ বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চান না তিনি। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।
স্বামীর পেশা সম্পর্কে মিষ্টি বলেন, তিনি একজন ব্যবসায়ী। পাশাপাশি গণমাধ্যম অঙ্গনের সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে তার নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।
বিয়েটি প্রেমের নাকি পারিবারিকভাবে হয়েছে—এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং কবে বিয়ে হয়েছে, সে তথ্যও এখনই প্রকাশ করতে চান না। তার ভাষ্য, সব তথ্য একসঙ্গে প্রকাশ করলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না।
স্বামীকে ভবিষ্যতে সবার সামনে আনবেন কি না, জানতে চাইলে মিষ্টি বলেন, তাকে আড়ালে রাখবেন না। সময় হলে স্বামীকে সবার সামনে আনবেন। এ নিয়ে মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও বলেছেন তিনি।
মিষ্টি জানান, তাদের বিয়ে হুট করে হয়নি। অনেক আগেই বিয়ে করেছেন তারা। তবে এতদিন বিষয়টি প্রকাশ করেননি। বিয়ে ও প্রেম নিয়ে বিভিন্নজনের ফোন করে দেখা করতে চাওয়া, বিদেশে গিয়ে দেখা করার কথা বলা কিংবা প্রেমের প্রস্তাব দেওয়ার মতো ঘটনায় তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। এ কারণেই বিয়ের বিষয়টি প্রকাশ করেছেন বলে জানান অভিনেত্রী।
শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের সম্পর্ক ও পর্দার রসায়ন নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এমনকি শাকিবের তৃতীয় স্ত্রী হওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। তবে মিষ্টি জানিয়েছেন, শাকিবের স্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নেই।
হানিমুনের বিষয়ে জানতে চাইলে কোনো তথ্য দিতে চাননি মিষ্টি। তিনি বলেন, এ বিষয়ে এখন কিছু বলা যাবে না।
নিজের বিবাহিত জীবন নিয়ে মিষ্টি জানান, বিয়ে হলেও এখনো পুরোপুরি বিবাহিত জীবন শুরু হয়নি। বর্তমানে নিজের মতো করেই আছেন। ভবিষ্যতে যেন সুন্দরভাবে সংসার করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি মিষ্টি জান্নাত পেশায় একজন দন্ত চিকিৎসক। নিজের দন্ত চিকিৎসাকেন্দ্র পরিচালনার পাশাপাশি নিয়মিত রোগী দেখেন তিনি। ব্যবসায়িক কাজেও ব্যস্ত থাকেন। অভিনয়ে নিয়মিত না হলেও বেছে বেছে নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করছেন এই অভিনেত্রী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available