• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ দুপুর ০১:২৯:১৯ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

মোহাম্মদ আলীর জীবনী নিয়ে আসছে ‘দ্য গ্রেটেস্ট’, মুক্তি ৪ নভেম্বর

১৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫০:১২

মোহাম্মদ আলীর জীবনী নিয়ে আসছে ‘দ্য গ্রেটেস্ট’, মুক্তি ৪ নভেম্বর
কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর ফাইল ছবি

বিনোদন ডেস্ক: বক্সিংয়ের কিংবদন্তি মোহাম্মদ আলীর বর্ণাঢ্য জীবন, খেলোয়াড় হিসেবে তাঁর উত্থান এবং বিশ্বজুড়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার গল্প নিয়ে আসছে ওয়েব সিরিজ ‘দ্য গ্রেটেস্ট’। সিরিজটির ট্রেলার ও প্রচারণামূলক পোস্টার প্রকাশ করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস ও প্রাইম ভিডিও।

আগামী ৪ নভেম্বর প্রাইম ভিডিওতে সিরিজটির আটটি পর্ব একসঙ্গে মুক্তি পাবে। বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের দর্শক এটি দেখার সুযোগ পাবেন।

সিরিজটিতে মোহাম্মদ আলীর চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা জালেন বেস্ট। ১৯৪২ সালে ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র নামে জন্ম নেওয়া আলীর জীবনের নানা অধ্যায় তুলে ধরা হবে এতে। বক্সিং রিংয়ের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত, পেশাগত ও রাজনৈতিক জীবনের নানা চ্যালেঞ্জও উঠে আসবে সিরিজের গল্পে।

আরও পড়ুন

টাইগার শ্রফকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, হামলার কারণ জানালো বিষ্ণোই গোষ্ঠী

মোহাম্মদ আলীকে প্রায়ই সর্বকালের অন্যতম সেরা হেভিওয়েট বক্সার হিসেবে বিবেচনা করা হয়। খেলাধুলার বাইরে মানবিক কর্মকাণ্ড ও সামাজিক অবস্থানের জন্যও তিনি বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেন। তাঁর জীবনের এসব দিক নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরবে ‘দ্য গ্রেটেস্ট’।

সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন মোহাম্মদ আলীর স্ত্রী লনি আলী। এর নির্মাতা, প্রধান কাহিনিকার ও নির্বাহী প্রযোজক বেন ওয়াটকিনস। এর আগে তিনি ‘ক্রস’ সিরিজে কাজ করেছেন।

সিরিজটির প্রযোজনায় রয়েছে বেন ওয়াটকিনসের ব্লু মানডে প্রোডাকশনস, মাইকেল বি জর্ডানের আউটলায়ার সোসাইটি, অথেন্টিক স্টুডিওস, রক নেশন, পলিগ্রাম এন্টারটেইনমেন্ট এবং গ্রেস: এ স্টোরিটেলিং কোম্পানি।

আরও পড়ুন

টানা ১ বছর বিজয়কে বিয়ের কথা বলেছি: রাশমিকা মান্দানা

অন্য অভিনয়শিল্পীদের মধ্যে ক্যাসিয়াস ক্লে সিনিয়রের চরিত্রে ওমারি হার্ডউইক, ওডেসা ‘বার্ড’ ক্লের ভূমিকায় ডানা গুরিয়া, রুডি ক্লের চরিত্রে কাই পারহাম, সনি লিস্টনের চরিত্রে আমিন জোসেফ, অ্যাঞ্জেলো ডান্ডির ভূমিকায় জিওভান্নি রিবিসি এবং ম্যালকম এক্সের চরিত্রে মাইকেল ইলিকে দেখা যাবে।

২০২৫ সালের এপ্রিলে কানাডার অন্টারিও প্রদেশের কোবার্গে সিরিজটির চিত্রগ্রহণ শুরু হয়। একই বছরের জুলাইয়ে হ্যামিলটনের নর্থ এন্ড এলাকায় অবস্থিত হ্যামিলটন-ওশাওয়া পোর্ট অথরিটির আর্ট ডেকো স্থাপত্যশৈলীর ভবনেও দৃশ্যধারণ করা হয়।

মোহাম্মদ আলীর জীবনের প্রথম অনুমোদিত চিত্রনাট্যভিত্তিক ধারাবাহিক হিসেবে নির্মিত হয়েছে ‘দ্য গ্রেটেস্ট’। কিংবদন্তি এই বক্সারের জীবনের সাফল্য, সংগ্রাম ও উত্তরাধিকারকে নতুনভাবে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা।

আরও পড়ুন

সৌদি আরবে ২ প্রবাসীর মৃত্যুদণ্ড, যা লিখলেন অভিনেতা রওনক হাসান

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ