বিনোদন ডেস্ক: এনিমেশনপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে জনপ্রিয় প্রাগৈতিহাসিক দল ম্যানি, সিড ও ডিয়েগো। ডিজনি আনুষ্ঠানিকভাবে ‘আইস এজ’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তি ‘আইস এজ: বয়েলিং পয়েন্ট’ এর ঘোষণা দিয়েছে।
নতুন সিনেমার ঘোষণায় বিশ্বজুড়ে আইস এজ ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। যদিও সিনেমাটির গল্প সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এবারের কাহিনির প্রেক্ষাপট হবে চেনা বরফাবৃত পৃথিবীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন। ম্যানি ও তার সঙ্গীরা এমন এক প্রাগৈতিহাসিক ভূখণ্ডে অভিযানে যাবে, যেখানে থাকবে ফুটন্ত লাভা, আগ্নেয়গিরির উত্তাপ এবং নতুন সব চ্যালেঞ্জ।
ডিজনি জানিয়েছে, আইস এজ: বয়েলিং পয়েন্ট আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
দীর্ঘদিনের ভক্তদের জন্য আরও সুখবর হলো, সিনেমার মূল চরিত্রগুলোর পরিচিত কণ্ঠশিল্পীরাই আবারও ফিরছেন। ম্যানির কণ্ঠে থাকছেন রে রোমানো, সিডের কণ্ঠে জন লেগুইজামো, ডিয়েগোর কণ্ঠে ডেনিস লিয়ারি, বাকের কণ্ঠে সাইমন পেগ এবং এলির কণ্ঠে কুইন লাতিফা।
সিনেমাটির ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আজ আমার জীবনের সেরা দিন।’ আরেকজন লিখেছেন, ‘এখনই আইস এজ ম্যারাথন শুরু করতে হচ্ছে।’
দর্শকদের অনেকেই মনে করছেন, ‘টয় স্টোরি’, ‘শ্রেক’ এবং এখন ‘আইস এজ’ এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রত্যাবর্তন এনিমেশন জগতের স্বর্ণযুগকে নতুন করে ফিরিয়ে আনছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘আইস এজ : কোলিশন কোর্স’ এরপর দীর্ঘ ১০ বছর ‘আইস এজ’ সিরিজের নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। নতুন প্রজন্মের দর্শকদের কাছে পুরোনো জনপ্রিয় চরিত্রগুলোকে নতুনভাবে তুলে ধরার ডিজনির প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে এই নতুন সিনেমাকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available