• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:২৪:৫৬ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

২ বিলিয়ন ডলারে পৌঁছেছে টেইলর সুইফটের সম্পদ

৫ জুন ২০২৬ বিকাল ০৪:৩৪:০২

২ বিলিয়ন ডলারে পৌঁছেছে টেইলর সুইফটের সম্পদ

বিনোদন ডেস্ক: বিশ্বের প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের নিয়ে প্রকাশিত ফোর্বসের বিশেষ তালিকা আইকনোক্লাস্ট ৫০ এ জায়গা করে নিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। ফোর্বসের সর্বশেষ হিসাব অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাকে ইতিহাসের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পীর আসনে বসিয়েছে।

সম্প্রতি চার বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত আইকনোক্লাস্ট ৫০ তালিকায় ব্যবসা, প্রযুক্তি, বিনোদন ও ক্রীড়াজগতের প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ তালিকায় ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, ডোনাল্ড ট্রাম্প ও ওয়ারেন বাফেটের মতো শীর্ষ ধনকুবেরদের পাশাপাশি টেইলর সুইফটও স্থান পেয়েছেন।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩-২৪ সালের বিশ্বজুড়ে আলোচিত ইরাস ট্যুর এবং একের পর এক বাণিজ্যিকভাবে সফল অ্যালবাম সুইফটের সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে তার সাম্প্রতিক অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট, লাইফ অব আ শোগার্ল এবং পুরনো গানের পুনঃরেকর্ড করা সংস্করণগুলো বিপুল আয় এনে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০২০ সালে নিজের গানের মাস্টার রেকর্ডিং পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়ে সংগীত শিল্পে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেন টেইলর সুইফট। এর ফলে তার গানের রয়্যালটির বড় অংশ সরাসরি তার নিয়ন্ত্রণে আসে এবং অন্যান্য শিল্পীদেরও নিজেদের সৃষ্টির মালিকানা নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে।

ফোর্বস জানায়, ২০২৪ সালে ইরাস ট্যুর এর মাধ্যমে সুইফট প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করেন। ইতিহাসের সবচেয়ে সফল কনসার্ট ট্যুর হিসেবে বিবেচিত এই সফর থেকে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলার আয় হয়।

এই আয়ের একটি বড় অংশ ব্যয় করে তিনি প্রায় ৩৬০ মিলিয়ন ডলারের বিনিময়ে নিজের পুরনো গানের মূল মাস্টার রেকর্ডিংগুলোর স্বত্ব পুনরায় কিনে নেন। এর ফলে অল্প সময়ের মধ্যেই তার সম্পদের পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ নাগাদ টেইলর সুইফটের মোট সম্পদ ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হিসেবে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

বিনোদন বিশ্লেষকদের মতে, সংগীত, কনসার্ট, প্রকাশনা স্বত্ব ও ব্র্যান্ড মূল্য সব মিলিয়ে টেইলর সুইফট বর্তমানে বৈশ্বিক বিনোদন অঙ্গনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
ভারতীয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
১৩ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:৩৪










Follow Us