• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১২:৪৮:৩৩ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়

৪ জুন ২০২৬ বিকাল ০৩:২৮:০৬

ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়

বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এবার যুক্ত হচ্ছে লাল-সবুজের গর্ব। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অফিশিয়াল অ্যালবামে স্থান পেয়েছেন।

৪ জুন বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ফিফা। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি শেয়ার করেছেন শিল্পী নিজেও।

এর আগে জানা গিয়েছিল, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি পারফর্ম করবেন সঞ্জয়। এবার অফিশিয়াল অ্যালবামে তার অন্তর্ভুক্তি আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নতুন এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করে সঞ্জয় লেখেন, ‘অনেক দিন ধরে এটার অপেক্ষায় ছিলাম। ক্যালিফোর্নিয়ার সান হোসেতে দুটি ভিন্ন সংস্কৃতির মাঝে বড় হতে হতে দিনের পর দিন গান তৈরি করেছি। সবসময় স্বপ্ন দেখতাম, এমন কিছু সৃষ্টি করার, যা বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ ও সাউন্ডট্র্যাকে জায়গা করে নেবে।’

এই অর্জনকে নিজের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি, আমি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের একজন শিল্পী। আমাদের তৈরি করা একটি গান বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের সাউন্ডট্র্যাক হতে যাচ্ছে এটি আমার জন্য অসাধারণ এক প্রাপ্তি।’

তবে এই সাফল্যকে কেবল ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না সঞ্জয়। তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে তিনি বলেন, ‘এটি শুধু আমার একার জয় নয়, বরং সেই সব শিশুর জয়, যারা নিজেদের স্বপ্নকে সত্যি করার সাহস রাখে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অফিশিয়াল অ্যালবামে সঞ্জয়ের গানটির শিরোনাম ‘সির সির’। গানটিতে তার সঙ্গে কণ্ঠ ও পরিবেশনায় থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি সংগীতশিল্পী ভেজেড্রিম।

বিশ্বকাপের মঞ্চে এবং অফিশিয়াল অ্যালবামে জায়গা পাওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি বংশোদ্ভূত এই শিল্পীর উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us