ডেস্ক রিপোর্ট: এলএলবি পরীক্ষার পূর্বনির্ধারিত ফি কমিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব এবং ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার জন্য পৃথক সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে তাত্ত্বিক পত্রপ্রতি পরীক্ষার ফি কমানোর পাশাপাশি ফরম পূরণ ও ফি জমা দেওয়ার সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় তাত্ত্বিক পত্রপ্রতি পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা থেকে কমিয়ে ৯৭৫ টাকা করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা, মুটকোর্ট ট্রায়াল ও মৌখিক পরীক্ষার ফি ৯০০ টাকা এবং এর কেন্দ্র ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেন্দ্র ফি ৮০০ টাকা এবং নম্বরপত্র ও সাময়িক সনদপত্রের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২০-২০২১ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।
অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় পত্রপ্রতি পরীক্ষার ফি ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন পরীক্ষার্থীদের প্রতিপত্র ফি ২ হাজার টাকা, নম্বরপত্র ফি ৫০০ টাকা এবং কেন্দ্র ফি ৮০০ টাকা রাখা হয়েছে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অকৃতকার্য বা অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফরম পূরণ ও ফি জমা দেওয়ার নতুন সময়সূচিও জানানো হয়েছে। পরীক্ষার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এরপর ২১ ও ২২ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে।
আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় পরীক্ষার ফি জমা দিতে হবে। ‘সোনালী সেবা’ ছাড়া অন্য কোনো মাধ্যমে ফি জমা দেওয়া যাবে না।
পরীক্ষার আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্ধারিত অনলাইন সেবা থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে তথ্য পূরণের পর প্রিন্ট কপি যাচাই করে কলেজের অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র কলেজে সংরক্ষণ করতে হবে।
ফরম পূরণের সময় বিষয় কোডসহ সব তথ্য সঠিকভাবে যাচাই করে দেওয়ার নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও প্রবেশপত্র বিতরণের তারিখ পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available