ডেস্ক রিপোর্ট: ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে নিবন্ধটির সঙ্গে জিয়াউর রহমানের তৎকালীন একটি ডায়েরির ছবিও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) নিবন্ধটি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। গত ২৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এনসিসিসির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ বইয়ে নিবন্ধটি অন্তর্ভুক্ত করা হবে। তার ভাষ্য, মুক্তিযুদ্ধে বিভিন্ন ব্যক্তির অবদান পাঠ্যবইয়ে তুলে ধরার উদ্যোগের অংশ হিসেবে নিবন্ধটি যুক্ত করা হচ্ছে।
এনসিটিবির কারিকুলাম সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যবইয়ের ২২ নম্বর গদ্য হিসেবে নিবন্ধটি স্থান পাবে। লেখক পরিচিতিতে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা ও পরবর্তী বিভিন্ন পরিচয় উল্লেখ করা হয়েছে।
এনসিটিবি জানিয়েছে, নিবন্ধটির আগে দেওয়া ব্যাখ্যায় বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব হিসেবে উপস্থাপন না করার কথা বলা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও তাজউদ্দীন আহমদের নাম উল্লেখ করা হয়েছে।
নিবন্ধটিতে ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামে সামরিক প্রতিরোধ, ষোলশহরে সৈন্যদের সংগঠিত করা, পটিয়ার দিকে যাত্রা এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারের স্মৃতিচারণ রয়েছে। এতে জিয়াউর রহমান নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন।
এর আগে এনসিটিবি জানিয়েছিল, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইগুলোতে মুক্তিযুদ্ধসহ দেশের ইতিহাসের বিভিন্ন বিষয় পরিমার্জন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকও জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধে বিভিন্ন ব্যক্তির অবদান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
সূত্র: বাসস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available