• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৪:০২ (01-Sep-2026)
  • - ৩৩° সে:

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন

১ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:১০

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষ্যে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান-কথাসাহিত্যিক রাবেয়া খাতুন কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘নজরুল কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

জাতীয় কবির সাহিত্য, সংগীত, জীবনদর্শন ও বহুমাত্রিক সৃজনকর্মকে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের আরও নিবিড় পাঠ ও চর্চার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ কর্নার স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রহমত আলী এবং অবসরপ্রাপ্ত অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি, স্বনামধন্য সাহিত্যনির্ভর বা শিল্পশোভন প্রযোজনা প্রতিষ্ঠান ‘আশীর্বাদ চলচ্চিত্র’র প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, (বীর বিক্রম), স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারজানা রশীদ ব্রাউনিয়া, জনপ্রিয় উপস্থাপক দীপ্তি চৌধুরী এবং শিক্ষক ও গবেষক মুশতাক ইবনে আইয়ুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান।

একই আয়োজনে অনুষ্ঠিত হয় ‘সৃজনে নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, সংগীত, নৃত্যকলা ও ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পরিবেশিত হয় নাটিকা, একক ও সমবেত সংগীত, নৃত্য এবং ফ্যাশন শো।

আলোচনায় বক্তারা কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, স্বাধীনচেতনা ও অসাম্প্রদায়িক জীবনদর্শনের সমকালীন তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সৃষ্টিকে শুধু স্মরণে নয়, নিয়মিত পাঠ, গবেষণা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। ‘নজরুল কর্নার’ সেই ধারাবাহিক চর্চার একটি প্রাতিষ্ঠানিক ক্ষেত্র হিসেবে কাজ করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান বলেন, নজরুল কর্নারের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দর্শন ও মানবিক চেতনাকে আরও গভীরভাবে জানার সুযোগ পাবে। একই সঙ্গে সৃজনশীল শিক্ষার পরিসরে নজরুলের মানবিক ও মুক্তচিন্তার দর্শন নতুন প্রজন্মের কাছে আরও অর্থবহভাবে উপস্থাপিত হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক একাডেমিক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম রিন্টু, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ