লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করেছে। পরে উদ্ধার করা তক্ষকগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে সেগুলোকে স্থানীয় একটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
৭ মার্চ শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি বসতবাড়ি থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়।


পরে রোববার দুপুরে লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই গ্রামের মৃত কাচুয়া আলীর ছেলে মুকুল আলী (৪৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তার শয়নকক্ষ থেকে একটি জালের খাঁচায় বন্দি অবস্থায় তিনটি তক্ষক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত তক্ষকগুলোর শরীরে সাদা ডোরাকাটা দাগ রয়েছে এবং প্রতিটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ ইঞ্চি। সংশ্লিষ্টদের ধারণা, পাচারের উদ্দেশ্যে বিরল এই প্রাণীগুলোকে অবৈধভাবে আটক করে রাখা হয়েছিল।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। যেহেতু তক্ষক সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত, তাই উদ্ধার করা প্রাণীগুলোকে লালমনিরহাট জেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বন বিভাগ সেগুলোকে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দিতে স্থানীয় একটি জঙ্গলে অবমুক্ত করে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় তক্ষক পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিরল এই সরীসৃপটি অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের সঙ্গে জড়িত একটি চক্রের টার্গেটে পরিণত হয়েছে। এ ধরনের অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available