রাঙামাটি প্রতিনিধি: একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবতায় এবার ক্যামেরার চোখে আসছে রাঙামাটি শহর। সড়ক দুর্ঘটনা কমানো, যান চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সিসিটিভি নজরদারির আওতায় আনার উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা পুলিশ। এর প্রথম ধাপে শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা বনরূপায় ১৮ সেপ্টেম্বর শুক্রবার বসানো হয়েছে আটটি সিসিটিভি ক্যামেরা।
শুধু ক্যামেরা বসিয়েই থেমে থাকছে না পুলিশ। এসব ক্যামেরার ফুটেজ সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য পুলিশের একটি বিশেষ টিম দায়িত্বে থাকবে। কোথাও অস্বাভাবিক পরিস্থিতি, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সড়কে কোনো অসঙ্গতি ধরা পড়লে ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে প্রস্তুত থাকবে পুলিশের একটি মোবাইল টিম।
রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, রাঙামাটি দেশের অন্যতম পর্যটন শহর। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও দর্শনার্থীরা এখানে আসেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে পর্যায়ক্রমে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপায় আমরা প্রাথমিকভাবে আটটি সিসি ক্যামেরা স্থাপন করেছি। ক্রমান্বয়ে আমরা পুরো শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ক্যামেরা বসাবো।’
পুলিশের এই উদ্যোগে বনরূপার মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা নজরদারির নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহনের চলাচল করা এ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, বিশৃঙ্খলা, যানজট কিংবা দুর্ঘটনার মতো ঘটনা ঘটলে সিসিটিভির ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, বনরূপা রাঙামাটি শহরের অন্যতম ব্যস্ত এলাকা। দিনের অধিকাংশ সময় এখানে মানুষের পাশাপাশি যানবাহনের চাপ থাকে। ফলে পুলিশের সরাসরি উপস্থিতির পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি চালু হলে নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available