নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ডোবা থেকে মোক্তার হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ জুন মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের গুদনাইল আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোক্তার হোসেন ওই এলাকার ২১২ নম্বর বাড়ির বাসিন্দা এবং মৃত আরব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুদনাইল আরামবাগ এলাকায় একটি ইলেকট্রনিক্স দোকানের কাঠের পাটাতনের নিচে ডোবার মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর দেওয়া হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, গত ১২ জুন বিকেলে আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মোক্তার হোসেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তারা আরও জানান, কয়েক বছর আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available