মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাশড়া এলাকায় ননীবালা চক্রবর্তী (৯০) নামে এক বৃদ্ধাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
২৩ সেপ্টেম্বর বুধবার ভোরের কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৮ টার দিকে পূর্ব দাশড়া এলাকায় নিজ বাড়িতে ননীবালা চক্রবর্তীকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয় এক প্রতিবেশী । পরে বিষয়টি আশপাশের লোকজন ও তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়। খবর পেয়ে ছেলে দিজেন চক্রবর্তী দ্রুত বাড়িতে এসে তাঁর মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ননীবালা চক্রবর্তী মৃত দেবেশ চক্রবর্তীর স্ত্রী। তাঁর চার ছেলে রয়েছে। তাঁদের মধ্যে দুজন একই ওয়ার্ডে বসবাস করেন, একজন ঢাকায় থাকেন এবং অপরজন ভারতে বসবাস করেন। তাঁদের মধ্যে দিজেন চক্রবর্তী স্থানীয় একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত। স্থানীয়রা জানান, ননীবালা নিজ বাড়িতে একাই থাকতেন।
পরিবারের দাবি, ঘটনার আগে ননীবালার কানে স্বর্ণের দুল ছিল। ঘটনার পর সেগুলো পাওয়া যাচ্ছে না। এ কারণে স্বর্ণালংকার নেওয়ার উদ্দেশ্যে কেউ তাঁকে হামলা করেছে কি না, তা নিয়ে পরিবারের সদস্যদের সন্দেহ রয়েছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ভোরের দিকে কোনো একসময় বাড়িতে থাকা বটি দিয়ে ননীবালার গলায় আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয়েছে। তাঁর কানে থাকা দুলগুলোও পাওয়া যাচ্ছে না। বর্তমানে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি মনির হোসেন বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে কোনো অপরাধের ঘটনা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available