জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৭ জুন শনিবার সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া গ্রামের মৃত রমিজ মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুন শুক্রবার সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
শনিবার সকালে স্বজন ও স্থানীয়রা পুনরায় পাহাড়ে তল্লাশি চালিয়ে সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে তার থেঁতলানো মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রায়ই বন্য হাতির দল বাংলাদেশে প্রবেশ করে। এসব হাতির আক্রমণের ঝুঁকিতে সীমান্তবর্তী এলাকার মানুষ সবসময় আতঙ্কে থাকেন। জয়নাল আবেদীনের মৃত্যুও বন্য হাতির আক্রমণেই হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available