নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীর কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে ওই তরুণীর ব্যক্তিগত অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরও কয়েক লাখ টাকা দাবি করেন তিনি। এ ঘটনায় রবিউল ইসলাম (২৪) নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার ভোররাতে সিরাজগঞ্জের শাহজাদপুর থানার উল্টাডাব এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি রবিউল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
এর আগে ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী তরুণীর পরিবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা করে। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রবিউলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে বিভিন্ন অজুহাতে তরুণীর কাছ থেকে কয়েক দফায় প্রায় ৫০ হাজার টাকা নেন রবিউল। পাশাপাশি ভিডিও কলে কথা বলার সময় তরুণীর কাছে ব্যক্তিগত অশ্লীল ছবি চান তিনি। প্রেমের সম্পর্কের কারণে বিষয়টি স্বাভাবিক মনে করে কয়েকটি ছবি পাঠান ওই তরুণী।
পরে সেই ছবিগুলোকে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করেন রবিউল।
ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীর কাছে আরও কয়েক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ছবিগুলো প্রকাশ করে দেওয়ার হুমকি অব্যাহত রাখেন তিনি। একপর্যায়ে তরুণী বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে তার পরিবার থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, আমাদের পুলিশ তাকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় রবিউলের ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এ ছাড়া তার সাত থেকে আটটি ভুয়া ফেসবুক আইডির সন্ধান পেয়েছে পুলিশ। তাকে আদালতে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available