পিরোজপুর প্রতিনিধি: খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করার দাবিতে পিরোজপুরে অ্যাডভোকেসি সভা, আলোচনা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট বুধবার পিরোজপুর শহরের পুরাতন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্য প্রতিমন্ত্রী এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এ কর্মসূচির আয়োজন করে।
স্মারকলিপিতে মোড়কাবদ্ধ খাদ্যপণ্যের লেবেলে খাদ্য উপাদান, পুষ্টিমান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ নিশ্চিত করা এবং খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবি জানানো হয়।
পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত করার বিষয়ে আমরা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি দিয়েছি। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ প্রশংসার দাবিদার।
তিনি বলেন, বর্তমানে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্যপণ্যের মোড়কে সঠিক ও সহজবোধ্য তথ্য তুলে ধরা হলে ভোক্তারা সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে পারবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, পিরোজপুর প্রেসক্লাবের সহসভাপতি খেলাফত হোসেন খসরুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে নিরাপদ খাদ্য লেবেলিংয়ের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available