• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৪শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:১৯:১২ (08-Sep-2026)
  • - ৩৩° সে:

তিন দশক পর সরকারি জমি উদ্ধার, উচ্ছেদে স্বস্তি মণিরামপুর পৌরবাসীর

৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৪:১১

তিন দশক পর সরকারি জমি উদ্ধার, উচ্ছেদে স্বস্তি মণিরামপুর পৌরবাসীর

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর পৌরসভা ভবন সংলগ্ন পাবলিক লাইব্রেরির পাশ থেকে দীর্ঘ প্রায় ৩০ বছর পর প্রায় সাত শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

৭ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টা থেকে উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে ওই জমি উদ্ধারে অভিযান শুরু হয়। দীর্ঘদিনের দাবি ও নাগরিকদের অভিযোগের প্রেক্ষিতে দখলমুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।

সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা জানান, পৌরসভা ভবনসংলগ্ন এলাকায় থাকা সরকারি জমির আশপাশে কেন্দ্রীয় জামে মসজিদ, পাবলিক লাইব্রেরি ও সরকারি প্রভাতি বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, ১৯৯৬ সালের দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে একটি প্রভাবশালী চক্র নামমাত্র ডিসিআর নিয়ে প্রায় সাত শতক সরকারি জমি দখলে নেয়। পরে সেখানে মুরগি, মুদি, মিষ্টি ও কসমেটিকসসহ বিভিন্ন দোকান নির্মাণ করে বছরের পর বছর ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ, জনভোগান্তি ও পরিবেশগত সমস্যা দূর করতে নাগরিকদের দাবির পরিপ্রেক্ষিতে ওই দখলদারদের ডিসিআর সরকার বাতিল করে।

তবে ২০১৮ সালের সংসদ নির্বাচনের পরপরই পৌরসভার মেয়র ও কয়েকজন কাউন্সিলর জমিটির একটি অংশ পুনরায় দখল করে সেখানে পাঁচটি টিনশেড দোকান নির্মাণ করেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি অবশিষ্ট জায়গাতেও কয়েকটি মুরগি, মুদি, মিষ্টি ও কসমেটিকসের দোকান গড়ে ওঠে। দোকানপাট গড়ে ওঠায় ওই এলাকায় নাগরিকদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি মুরগির দোকান থেকে ছড়ানো দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। এ কারণে দীর্ঘদিন ধরে সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন পৌর শহরের নাগরিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে তৎকালীন জেলা প্রশাসকও দখলদারদের উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। তবে কোনো এক অজানা কারণে তখন উচ্ছেদ অভিযান বাস্তবায়ন হয়নি। এতে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত মণিরামপুর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাকালীন অফিস সহকারী জমিরুল ইসলাম জানান, সরকার মূলত পাবলিক লাইব্রেরির নামে ১৫ শতক জমি বন্দোবস্ত দিয়েছিল।

পাবলিক লাইব্রেরির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন জানান, গত ৩ সেপ্টেম্বর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি জমি উদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বিকেলে জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। তবে মানবিক দিক বিবেচনায় ওই এলাকার এবং থানা ভবনের উত্তর পাশের মুরগির দোকানিদের মাছবাজারের দ্বিতীয় তলায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাদের দোকান দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দীর্ঘদিনের দাবি ও নাগরিকদের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে সরকারি জমি দখলমুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মণিরামপুর পৌর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, উদ্ধার করা সরকারি জমি ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
আমিই বিশ্বের সেরা ফুটবলার: এমবাপ্পে
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৪:৩০

দেশের বাজারে আজকে স্বর্ণের দাম
দেশের বাজারে আজকে স্বর্ণের দাম
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৩:৫৯




আবারও বাড়ল সিগারেটের দাম
আবারও বাড়ল সিগারেটের দাম
৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৫:২৪