ডেস্ক রিপোর্ট: নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন শিক্ষক-কর্মচারীরা।
আজ ২৪ আগস্ট সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত ২৩ আগস্ট সংগঠনটির আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে কর্মসূচি পালনের অনুমতি দেয় পুলিশ।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামাল স্বাক্ষরিত অনুমতিপত্রে নির্ধারিত সময় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি ঘিরে মোট ২১টি শর্ত দিয়েছে পুলিশ।
শর্তগুলোর মধ্যে রয়েছে, অনুমোদিত স্থানের বাইরে কর্মসূচি পালন করা যাবে না এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার, উসকানিমূলক বক্তব্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না।
এ ছাড়া কর্মসূচিতে মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং পুলিশের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীদের যানবাহন পার্কিংয়ের জন্য সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
অনুমতিপত্রে আরও বলা হয়েছে, কর্মসূচির কারণে জনসাধারণের চলাচলে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করা যাবে না। অনুমোদিত স্থানের বাইরে কাউকে মানববন্ধন করতে দেওয়া যাবে না। কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে।
নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, বছরের পর বছর নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। যোগ্য নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাদের একমাত্র দাবি।
সূত্র: জাগোনিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available