• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:০৪:২১ (25-Aug-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

২৫ আগস্ট ২০২৬ দুপুর ০২:০০:২১

রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক: আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এ উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

২৫ আগস্ট মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানায় ডিএমপি। ডিএমপি কমিশনার মোসলে‍হ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ আগস্ট বুধবার রাত ১২টা থেকে জাতীয় সংসদ এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে।

একই সঙ্গে এসব এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।

যেসব এলাকায় নিষেধাজ্ঞা
ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এ ছাড়া বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকায়ও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাও নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে।

এ ছাড়া নির্ধারিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথেও এ আদেশ কার্যকর হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

সূত্র: সময় টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ