• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৪২:০৭ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে ১ হাজার বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেফতার ১

৩ জুলাই ২০২৬ দুপুর ০২:১৩:৫৩

রাজধানীতে ১ হাজার বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক: রাজধানীর রূপনগরে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখা ১ হাজার ১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)। এ ঘটনায় কাজী সাজিদ উল্লাহ দস্তগীর (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

৩ জুলাই শুক্রবার সকালে ডব্লিউসিসিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে রূপনগরের ‘টি’ ব্লকের ৬ নম্বর সেকশনের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশবিষয়ক সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যালায়েন্সের (বিডব্লিউএ) সহযোগিতা নেয় ডব্লিউসিসিইউ।

অভিযানে দুটি কর্ন সাপ, একটি মেক্সিকান ব্ল্যাক কিংস্নেক, একটি গোল্ডেন চাকুনি ট্যারান্টুলা, একটি ব্লাড লেগ ট্যারান্টুলা, একটি ডাম্পি ব্যাঙ, একটি লেপার্ড গেকো, একটি রাউন্ড-টেইল লেপার্ড গেকো, ৮৪৬টি রেড-ইয়ার স্লাইডার কচ্ছপ, ১৮টি পিংক-বেলিড সাইডনেক কচ্ছপ, ১৩৮টি রিভস কচ্ছপ, ৫৬টি কমন স্ন্যাপিং কচ্ছপ এবং ৩৮টি ইয়েলো-ইয়ার স্লাইডার কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধার করা প্রাণীর মধ্যে ২১টি মৃত ছিল।

ডব্লিউসিসিইউ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর ৩৩ ধারায় রূপনগর থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ডব্লিউসিসিইউ। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

বন বিভাগ জানিয়েছে, দেশের প্রচলিত আইনে বন্যপ্রাণী অবৈধভাবে আমদানি, রপ্তানি, কেনাবেচা ও পরিবহন দণ্ডনীয় অপরাধ। এ অভিযানে সহযোগিতার জন্য রূপনগর থানা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ কে ধন্যবাদ জানিয়েছে বন বিভাগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us