অনলাইন ডেস্ক: রাজধানীবাসীর যাতায়াত সুবিধা বাড়াতে মেট্রোরেলের চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
৭ জুন রোববার থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছাড়বে। বর্তমানে এই ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যায়।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, রাতের সেবার সময় বাড়ানোর আগে প্রায় এক মাস ধরে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হওয়ায় রোববার থেকে বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু হচ্ছে।
তবে প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত ২০ মিনিটের মধ্যে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ একটি ট্রেন মতিঝিলের দিকে এবং একটি ট্রেন উত্তরার দিকে চলাচল করবে। ফলে এ সময় ট্রেন চলাচলের ব্যবধান হবে ১০ মিনিট।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “রাতে উভয় দিক থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, রোববার থেকে যাত্রীরা বাড়তি সময়ের এই সুবিধা ভোগ করতে পারবেন।”
বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছেড়ে যায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরাগামী প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। তবে সকালের সময়সূচিতে কোনো পরিবর্তনের পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মেট্রোরেল কর্তৃপক্ষের আশা, রাতের সেবার সময় বৃদ্ধি পাওয়ায় অফিসফেরত যাত্রীসহ নগরবাসীর যাতায়াতে আরও স্বস্তি আসবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available