নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে বিশেষ সময়সূচিতে মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল বিশেষ সময়সূচিতে চলবে। তবে শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
ডিএমটিসিএল আরও জানিয়েছে, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধুমাত্র ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।
ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/এন্ট্রি ও এক্সিট গেইটে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে। তবে কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের অভ্যন্তরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না।


(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available