অনলাইন ডেস্ক: রাজধানীর ইসিবি চত্ত্বরে নিউ গিনি প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ব্রাউনফিশ ভাঙচুরের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকালে মামলাটি করেন সালমান মুক্তাদির।
এর আগে গতকাল শনিবার ওই প্রতিষ্ঠানগুলোতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় লুটপাট করা হয় নগদ অর্থসহ মালামাল।
চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠলেও পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জের। এ ঘটনায় রোববার ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়। এছাড়া এরই মধ্যে ২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, শনিবার রাত ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশেই নিউগিনি হাউজিং প্রোজেক্টে তাণ্ডব চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। শতাধিক ব্যক্তি ৪টি মিনি ট্রাকে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। কুপিয়ে আহত করে বেশ কয়েকজনকে। ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে দু-পক্ষের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের এই হামলায় তছনছ হয় সেখানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও। কর্মীদের মারধর ও লুটপাট চালানোর অভিযোগ করেন তিনি। সালমান মুক্তাদিরের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।
প্রায় ৫ বিঘা জমির ওপরে ১৭টি বহুতল ভবন নিয়ে গড়ে উঠছে এই হাউজিং সোসাইটি। মালিকপক্ষের অভিযোগ, ২ মাস আগেও একই কায়দায় হামলা করে মোটা অংকের চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা।
জমি নিয়ে বিরোধের জেরে হামলা বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
হামলাকারীরা নগদ প্রায় ১ কোটি টাকা এবং মোবাইল ফোনসেট সহ কয়েক কোটি টাকার জিনিসপত্র লুট করে বলে অভিযোগ হাউজিং সোসাইটির কর্তৃপক্ষের।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available