রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কনক কুমার চাকমা উপজেলার খামারপাড়া এলাকার মৃত ভুলক চন্দ্র চাকমার ছেলে। হামলায় তাঁর কপালে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, রাতের দিকে কয়েকজন ব্যক্তি কনক কুমার চাকমার ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।
নানিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনক কুমার চাকমার কক্ষ ও আশপাশের এলাকা রক্তের দাগ দেখতে পায়। পরে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়।
পুলিশের ধারণা, ঘটনার আগে ৪-৫ জন ব্যক্তি একসঙ্গে মদ পান করছিলেন। পরে তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হলে কনক কুমার চাকমাকে মারধর করা হয়ে থাকতে পারে। হামলার পর জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ এবং হামলায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available