ডেস্ক রিপোর্ট: নওগাঁয় পূর্বপরিচিত এক স্কুলশিক্ষককে বাসায় ডেকে নিয়ে মারধরের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়া, ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর এবং ২ লাখ টাকার চেক হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ ব্ল্যাকমেইল চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেফতাররা হলেন—নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাইয়ের বেড়াহাসন এলাকার রাকিব হাসান (২৯), বদলগাছীর নিহনপুর এলাকার সোহরাব হোসেন (২৬) ও বগুড়ার দুপচাঁচিয়ার নাঈম হোসেন (২৫)।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিক্ষক জয়পুরহাটের আক্কেলপুর এলাকার একটি বিদ্যালয়ে কর্মরত। গ্রেফতার চামেলী আক্তার মিলির সঙ্গে আগে থেকেই তার মুঠোফোনে পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরে গত ২৫ আগস্ট বিকেলে জরুরি কথা বলার অজুহাতে ওই শিক্ষককে নওগাঁ শহরে নিজের বাসায় ডেকে নেন মিলি।
শিক্ষক সেখানে পৌঁছানোর পর আগে থেকে অবস্থান নেওয়া চক্রের অন্য সদস্যরা তাকে ঘিরে ধরে মারধরের ভয় দেখান। একপর্যায়ে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা নেওয়া হয়। পরে তাকে জিম্মি করে ৩০০ টাকার একটি ফাঁকা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। একই সঙ্গে ২ লাখ টাকার একটি চেকেও স্বাক্ষর করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে টানা এক সপ্তাহ অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেকটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতাররা একটি সক্রিয় ব্ল্যাকমেইল চক্রের সদস্য। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিচিত ব্যক্তিদের নির্জন স্থানে ডেকে এনে ছবি তোলা, মারধরের হুমকি কিংবা সম্মানহানির ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।
সূত্র: এনটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available