মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৯ আগস্ট রোববার সকালে সদর উপজেলার ধলেশ্বরী ব্রিজসংলগ্ন মাঠের শহীদ মিনার থেকে সিহাবের (১৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে সে আকরাম নামে এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে থাকত।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত থেকে সিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে রোববার সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন শহীদ মিনারে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
সিহাবের কর্মস্থলের মালিক মো. মনির হোসেন জানান, শনিবার সিহাব ছুটি নিয়েছিল। ওই দিন সে কর্মস্থলেও যায়নি।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে সিহাব বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে রাত কাটাচ্ছিল। তার মৃত্যুর পর সঙ্গে থাকা বন্ধুদের বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে মৃত্যুর কারণ বা ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available