• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৫৮:৩১ (12-Jul-2026)
  • - ৩৩° সে:

সাবেক যুবদল নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন

১২ জুলাই ২০২৬ সকাল ১১:৩৭:৪২

সাবেক যুবদল নেতাকে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

১১ জুলাই শনিবার রাত প্রায় ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে। জাহিন শেখ পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের রজব আলীর ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে এনটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তাকে গুরুতর জখম করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি দুই পায়ের নিচের অংশেও গুরুতর আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us