• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৩৯:৩৮ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজাকে হত্যা, আত্মগোপনেও রক্ষা হলো না দেবরের

৩ জুন ২০২৬ বিকাল ০৩:৩৩:৩১

অন্তঃসত্ত্বা ভাবি ও ভাতিজাকে হত্যা, আত্মগোপনেও রক্ষা হলো না দেবরের

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে অন্তঃসত্ত্বা ভাবি ও তার দেড় বছর বয়সী ছেলেকে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর ইউসুফ মোল্লা (৩৫) চার দিন পর গ্রেফতার হয়েছেন। হত্যাকাণ্ডের পর থেকেই ঢাকায় আত্মগোপনে ছিলেন তিনি।

৩ জুন বুধবার মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মানবেন্দ্র বালো গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাচামারা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আমেনা (২৮) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ। আমেনা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বড় ভাই আব্দুস সালাম ও ছোট ভাই ইউসুফ মোল্লার মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার রাত ১০টার দিকে ইউসুফ ধারালো অস্ত্র নিয়ে সালামের বাড়িতে ঢোকেন। এ সময় তিনি ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদের ওপর হামলা চালান। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

একই সময় দোকান থেকে বাড়ি ফেরার পর বড় ভাই আব্দুস সালামের ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই ইউসুফ মোল্লা পালিয়ে যান। পরে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা তাকে গ্রেফতারে অভিযান শুরু করে।

ডিবি পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির পরিদর্শক (ওসি) মানবেন্দ্র বালো বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকেই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us