ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের ঘিওরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাসের সুযোগে স্বর্ণালংকার, চেকবই ও এটিএম কার্ড চুরির অভিযোগে সামিউল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাটাইকোনা গ্রামের ব্যবসায়ী আকবর আলী খানের তৃতীয় মেয়ে মুনিয়া খানমের সঙ্গে প্রায় ১২ বছর আগে নওগাঁর নিয়ামতপুরের সামিউলের বিয়ে হয়। প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছিল। প্রায় দেড় বছর ধরে সামিউল শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন।
সম্প্রতি আকবর আলী খান ও তার স্ত্রী অসুস্থ হয়ে চিকিৎসার জন্য ঢাকায় মেয়ের বাসায় যান। প্রায় এক মাস পর গত ৩০ আগস্ট বাড়িতে ফিরে তারা সামিউলকে দেখতে পাননি। মেয়ের কাছে জানতে পারেন, টাকা আনার কথা বলে সামিউল নিজ বাড়িতে গেছেন।
পরে ইসলামী ব্যাংকের চেকবই খুঁজতে গিয়ে বাড়ির দ্বিতীয় তলার একটি ঘরের তালা ভাঙা দেখতে পান আকবর আলী। ওই ঘরে থাকা ট্রাংক ও লকারের তালাও ভাঙা ছিল। পরে সেগুলো খুলে তার স্ত্রীর স্বর্ণের চেইন, কানের দুল, হাতের বালা, সিতাহার, আংটি ও ব্রেসলেটসহ বেশ কিছু স্বর্ণালংকার পাওয়া যায়নি। একই সঙ্গে ২০ পাতার একটি চেকবই ও একটি এটিএম কার্ডও নিখোঁজ পাওয়া যায়।
এজাহারে চুরি যাওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় ৬ ভরি এবং আনুমানিক মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। পরে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া স্বর্ণালংকারের পরিমাণ প্রায় সাড়ে ৬ ভরি এবং এর আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মামলার বাদী আকবর আলী খানের দাবি, তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার ১০ থেকে ১২ দিন পর তার মেয়ে জানতে পারেন, সামিউল ওই স্বর্ণালংকারগুলো দেখিয়েছিলেন। পরে সামিউলের মোবাইল ফোনে যোগাযোগ করে স্বর্ণালংকার, চেকবই ও এটিএম কার্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যান। এরপর চুরির অভিযোগে ঘিওর থানায় মামলা করেন আকবর আলী খান।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুমন চক্রবর্তী জানান, রিমান্ডে সামিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চুরি যাওয়া প্রায় সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available